আইটি ক্যারিয়ারে জাপানে বড় সুযোগ

৫ মে, ২০২৪ ১৯:৪১  

জাপানের আইটি খাতে বাংলাদেশিদের জন্য কাজের অনেক বড় সুযোগ আসছে মন্তব্য করে প্রযুক্তি দক্ষতার সঙ্গে তরুণদের জাপানি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেছেন গ্লোবিজ বিডি লিমিটেডের চেয়ারম্যান হিরুয়াসু হিরায়ামা।

রোববার (৫ মে) রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে এসকট রেসিডেন্সে এশিয়া ফাউন্ডেশন, জাপান এবং গ্লোবিজ বিডির যৌথ উদ্যোগে জাপানি ভাষার লেভেল টেস্ট টপ-জে এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হিরুয়াসু হিরায়ামা বলেন, ২০৩০ সালের মধ্যে জাপানে অনেক লোকের প্রয়োজন হবে। এক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে দক্ষ লোকজন সেসব পদ দখল করবে। এটি বাংলাদেশিদের জন্যও অনেক বড় সুযোগ।

তিনি বলেন, আইসিটি খাত ছাড়াও নার্সিং কেয়ার, ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিংসহ নানা খাতে এসব লোক নেওয়া হবে। তবে এক্ষেত্রে জাপানি ভাষা শেখার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল স্কলারশিপের নির্বাহী পরিচালক হিসাকো কাওয়াগুচি।

এতে আরও উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন ভিসি প্রফেসর ড. আবুল হাসান সাদেক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) মো. আলমগীর হোসাইন প্রমুখ।